কৃষি খবর ডেস্ক: পূজার টানা ছুটিতে রাজধানীর নিত্যপণ্যের বাজারে ক্রেতার উপস্থিতি কমেছে। তবে বাজারে পণ্যের দামে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বাড়লেও স্বস্তি ফিরেছে ডিমের বাজারে। ডজনপ্রতি ফার্মের মুরগির ডিমের দাম কমেছে ১৫ থেকে ২৫ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর রামপুরা, শান্তিনগর ও সেগুনবাগিচাসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, খামার পর্যায়ে সরবরাহ কমে যাওয়া, পরিবহন ব্যয় ও পোল্ট্রি ফিডের উচ্চমূল্যের কারণে মুরগির দাম বেড়েছে।
অন্যদিকে, গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৩৫ থেকে ১৪০ টাকায় নেমেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক হওয়া এবং ছুটিতে চাহিদা কমে যাওয়ায় ডিমের দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে, বাজারে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ। নতুন ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিটি ৪০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৬০ টাকা এবং শিম প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকায়। মুলার দাম রয়েছে কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকা।
তবে নতুন সবজির পাশাপাশি কমতে শুরু করেছে পুরনো কিছু সবজির দাম। বেগুন, পটল ও ঢ্যাঁড়সের দাম কমে এসেছে। বর্তমানে পটল ও ঢ্যাঁড়স প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকা এবং করলা, ঝিঙা, চিচিঙ্গা ও বরবটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে চাল, ডাল ও তেলসহ অন্যান্য নিত্যপণ্যের দাম এখনো উচ্চপর্যায়ে রয়েছে। গত এক সপ্তাহে এসব পণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।





