কৃষি খবর ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় করে গরু চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাদের সঙ্গে থাকা দুই পুরুষ পালিয়ে যান। পরে গরু ও অটোরিকশাসহ আটক দুই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন এলাকার সেনপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চারজনের একটি দল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সেনপাড়া এলাকায় আসে। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা নুরুল চৌধুরীর একটি গরু অটোরিকশায় তুলে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে তারা।

বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা অটোরিকশাটিকে ধাওয়া করেন। পরে দক্ষিণ ভূর্ষি রেলগেট এলাকায় অটোরিকশাটির গতিরোধ করা হয়।

এ সময় দলের দুই পুরুষ সদস্য পালিয়ে গেলেও দুই নারীকে আটক করেন স্থানীয় লোকজন। পরে গরু ও অটোরিকশাসহ তাদের পটিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে বাড়ির আশপাশে কিংবা খোলা জায়গায় গরু বেঁধে রাখলে চুরির আশঙ্কায় ভোগেন গবাদিপশুর মালিকেরা। দিনের বেলায় অটোরিকশায় গরু তুলে নিয়ে যাওয়ার এ ঘটনার পর এলাকায় গবাদিপশুর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তারা এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উদ্ধার করা গরু ও অটোরিকশাসহ দুই নারীকে হেফাজতে নিয়েছে।পালিয়ে যাওয়া দুই পুরুষ সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে। আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।