কৃষি খবর ডেস্ক: মানিকগঞ্জের চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বকনা গরু বিতরণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা হলরুমে বকনা গরু বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন , “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানিকগঞ্জে এসে খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন। প্রান্তিক মানুষের অর্থনৈতিক উন্নয়নে খাল খননের পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতকেও গুরুত্ব দেওয়া হয়েছিল 

 তিনি আরো বলেন, “বর্তমান তারেক রহমানের সরকারও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।”

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী অর্ধশতাধিক দরিদ্র পরিবারের মধ্যে বকনা বাছুর বিতরণ করেন।

ছাত্র-জনতার বিপ্লবের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পরও শেখ হাসিনার মনোভাব নিয়ে এসময় প্রশ্ন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, “বিগত সরকার ছিল ফ্যাসিস্ট ও জালেম সরকার। জনগণ তাদের বিতাড়িত করেছে। ওই সরকারের সময়ে গুম, খুন ও শিশু হত্যার মতো ঘটনা ঘটেছে এবং শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। অনুশোচনা তো নাই, আবার হুমকি দিচ্ছে।"