কৃষি খবর ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে আনিসুর রহমান পলাশ (৪০) নামে এক কসাইকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা ক্যাম্পের এসআরবি-৬ এর একটি দল।

শনিবার দুপুরে উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ঘটনাটি ঘটে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোয়েল রানা ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সরদার আবদুল মালেক বলেন, দীর্ঘদিন যাবৎ কাঞ্চনপুর গ্রামের লুৎফার রহমানের ছেলে আনিসুর রহমান পলাশসহ আরও বেশ কয়েকজন মিলে প্রতিনিয়ত ঘোড়া জবাই করে তা গরুর মাংস বলে বিক্রি করে এমন প্রতারণা করে আসছিলেন। এই চক্রটির হোতাকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা ক্যাম্পের এসআরবি-৬।

এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মোহাম্মদ জিহাদ বলেন, উপজেলার কাঞ্চনপুর গ্রাম এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে গ্রাম এলাকায় ঘোড়া জবাই করে গরুর মাংস বলে প্রতারণার মাধ্যমে বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে চক্রটির প্রধানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনার সময় এই চক্রের আরও ৪-৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে চক্রটির সঙ্গে আর কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি ও প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।