কৃষি খবর ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুত ও বিতরণের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে মজুত রাখা ১৬ বস্তা ডিএপি (ডায়ামোনিয়াম ফসফেট) সার জব্দ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারের কৃত্রিম সংকট রোধে চণ্ডিপুর ইউনিয়নে এ বিশেষ মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানকালে সারের লাইসেন্স বা বৈধ কাগজপত্র ছাড়াই নিয়মবহির্ভূতভাবে সার মজুত ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। পরে সার ব্যবস্থাপনা আইন, অনুযায়ী দোষী ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন আরও জানায়, জব্দ করা ১৬ বস্তা ডিএপি সার সরকার নির্ধারিত বাজারমূল্যে কৃষকদের নিকট বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোডে জমা দেয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনস্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং স্থানীয় কৃষকদের অধিকার সুরক্ষায় সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট ও মনিটরিং অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।