জ্যেষ্ঠ প্রতিবেদক: সার্ক কৃষি কেন্দ্র ও আরডিএর মধ্যে যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের বিষয়ে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের কার্যালয়ে কেন্দ্রটির পরিচালক ড. মো. গোলাম মাহবুবের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন। এ সময় সার্ক কৃষি কেন্দ্রের জ্যেষ্ঠ প্রোগ্রাম বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়। আলোচনায় কৃষি উন্নয়নকে এগিয়ে নেওয়া, প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা এবং সার্কভুক্ত দেশগুলোতে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় কৃষি ও গ্রামীণ জীবিকার ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ গবেষণা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং উত্তম চর্চা ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কৃষিতে উদ্ভাবন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আঞ্চলিক খাদ্য ও পুষ্টিনিরাপত্তা জোরদারে প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

উভয় প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ায় টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক কৃষি উন্নয়নকে ত্বরান্বিত করতে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সুযোগ অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে সার্ক অঞ্চলের অভিন্ন কৃষি উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন এবং কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।