জেলা প্রতিনিধি, পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল উপকরণ ও প্রস্তুত করা ভেজাল দুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক মো. আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর এক সহযোগী মো. সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের নিজ বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে ৩৬ ড্রাম জেলি, যার ওজন প্রায় ২ হাজার ৭০০ কেজি, দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল এবং ৩২০ লিটার প্রস্তুত করা ভেজাল দুধ জব্দ করা হয়। পরে জব্দ করা এসব উপকরণ ও দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানায় আভিযানিক দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, দীর্ঘদিন ধরে আবুল বাশার ভেজাল দুধ তৈরির ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে তথ্য ছিলো। পরে অভিযান চালিয়ে এর সত্যতা মেলায় তাকে এসব দন্ড দেয়া হয়। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





