কৃষি খবর ডেস্ক: নোয়াখালীর হাতিয়া উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত মোহাম্মদ দাউদের বাবা মো. আব্দুল বাতেন একই উপজেলার তমরদ্দি ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, কৃষি বিভাগে ছেলের কর্মরত থাকার সুযোগ কাজে লাগিয়ে প্রভাব খাটিয়ে ডিলারশিপ নিয়েছেন আব্দুল বাতেন। তবে এ অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ দাউদ বলেছেন, নিয়োগ প্রক্রিয়ায় তার কোনও ভূমিকা নেই।
জানা গেছে, মো. আব্দুল বাতেন ‘মেসার্স আইমান এন্টারপ্রাইজ’-এর নামে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। একই উপজেলায় তার ছেলে মোহাম্মদ দাউদ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দাউদ বলেন, ‘অনেকে আবেদন করেছেন, অনেকের হয়নি। আমার বাবার কাগজপত্র ঠিক থাকায় তার হয়েছে। সবার আলাদা আলাদা পরিচয় আছে। তিনি নিজের ওপর নির্ভরশীল। আমি ছোট দায়িত্বে আছি, আমি নিয়োগকর্তা নই। উপজেলা, জেলা ও সচিবালয় থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যার কাগজপত্র ঠিক আছে, তিনি ডিলার হবেন—এটাই স্বাভাবিক। এখানে আমার কোনো হাত নেই।’





