জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় গাবতলী উপজেলা কাগইল এলাকার স্বর্ণা বেকারীতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রববিার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে স্বর্ণা বেকারীর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মাটিতে রেখে পাউরুটি ও সিঙারা তৈরি, পোড়া তেলে সিঙারা ও বুন্দিয়া ভাঁজা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার করা ছাড়াই বিস্কুট ও কেক বাজারজাত করণ এবং ইন্ডাস্ট্রিয়াল লবণ খাবারে ব্যবহার করতে দেখা যায়।
এছাড়াও খাদ্যকর্মীগণ যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ না করাসহ সকল অপরাধে স্বর্ণা বেকারী কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
এসময় প্রায় ৩০ লিটার পোড়া তেল এবং ২৫ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে সকল অপরাধ সংশোধনের জন্য ৭ দিনের সময় প্রদান করা হয়। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন, ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া।
অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি টিম।





