জেলা প্রতিনিধি, পাবনা: পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের নাজিরপুর আখতারের ঢালের টিকোরি এলাকায় অবৈধভাবে ফিড ও ভেজাল তেল তৈরির অপরাধে নাসির ওয়েল অ্যান্ড ফিড কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দপ্তরটির সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। অভিযানকালে সার্বিক সহযোগিতা প্রদান করে পাবনা এসআরবি (SRB) এবং আনসার ব্যাটালিয়নের একটি দল।

আভিযানিক দল জানায়, কারখানাটির মালিক নাসির উদ্দিন কোনো অনুমোদন ছাড়াই গবাদি পশুর ফিড উৎপাদন করে আসছিলো। ফলে অভিযানের সময় তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলেও তা দেখাতে পারেননি।

এছাড়া বাদাম ও সরিষার তেল একত্রে মিশিয়ে ভেজাল তেল প্রস্তুত করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উৎপাদিত এই ভেজাল তেল কোথায় এবং কার কাছে সরবরাহ করা হয়, সে বিষয়েও তিনি কোনো সন্তোষজনক প্রমাণ বা সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি। এসব অনিয়মের দায়ে কারখানার মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে সব ধরনের নিয়ম-নীতি মেনে ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, অনুমোদন ছাড়া কোনো ধরণের ফিড বা খাদ্য উৎপাদনের সুযোগ নেই। কোনো পণ্যে ভেজাল মেশানোও আইনত দন্ডনীয় অপরাধ। তাই ওই কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। ভেজাল খাদ্যপণ্য ও অবৈধ ফিড উৎপাদন রোধে প্রস্তুতকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।